দুর্গাপূজায় ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন

- সর্বশেষ আপডেট ১২:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 203
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ৬ হাজার ৯১৪টি পূজামণ্ডপে আটজন করে এবং সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে ১০৪টি স্ট্রাইকিং পেট্রোল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মহাপরিচালক জানান, এবার সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯১৪টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী সদস্যদের পাশাপাশি ১০৪টি স্ট্রাইকিং পেট্রোল কাজ করবে। পূজামণ্ডপগুলোর মধ্যে সমন্বয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত সাড়া দিতে এসব দল ভূমিকা রাখবে। কোনো ছোট ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে বড় ধরনের পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
দুর্গাপূজার নিরাপত্তায় এবারও ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে বলে জানান আনসার মহাপরিচালক। তিনি বলেন, অ্যাপটিতে ৬৬ হাজার সদস্য নিবন্ধিত থাকবেন। কোনো ঘটনা ঘটলে এর মাধ্যমে দ্রুত তথ্য পাওয়া এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনেও প্রযুক্তিনির্ভর এ ধরনের ব্যবস্থা সফলভাবে ব্যবহার করা হয়েছে। এবারও অ্যাপটি নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।
নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের কার্যক্রম তদারকিতে বাহিনীর নিজস্ব মনিটরিং ব্যবস্থা রয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, কোথাও অনিয়ম বা কোনো ঘটনার তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেলেও ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের ভাতা কম বলে উল্লেখ করেন তিনি। মহাপরিচালক বলেন, দায়িত্ব পালনের জন্য একজন সদস্য দৈনিক প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকা ভাতা পান। তাঁদের বেতন-ভাতা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনের সময় সদস্যদের গভীর রাত পর্যন্ত অবস্থান করতে হয় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা জরুরি। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস পাওয়া গেছে।
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, সদস্যসংখ্যা তুলনামূলক কম হলেও তাঁদের যথাযথভাবে দায়িত্বে উপস্থিত রাখা জরুরি। এ ক্ষেত্রে লজিস্টিক সহায়তা বড় চ্যালেঞ্জ। পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে সদস্যদের খাবারসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। এ জন্য পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
তিনি বলেন, কোনো কোনো পরিস্থিতিতে গণজমায়েত বা উত্তেজনা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে সদস্যদের ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের ওপর আক্রমণ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দায়িত্ব পালনের নির্দেশ রয়েছে।
গুজব প্রতিরোধ ও নিরাপত্তা সমন্বয়ের বিষয়ে তিনি জানান, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। জেলা পর্যায়ে ব্রিফিং এবং বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা হয়েছে। দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের ক্ষেত্রে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামী ১৬ থেকে ২১ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আনসার মহাপরিচালক।
































