গরুর মাংসের দাম ২৫০ টাকা করতে লিগ্যাল নোটিশ

- সর্বশেষ আপডেট ০৬:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 226
গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনার লক্ষ্যে জীবিত গরু ও আন্তর্জাতিক মানসম্পন্ন সনদপ্রাপ্ত প্যাকেটজাত হালাল মাংস আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আমদানি শুল্ক যৌক্তিকীকরণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় হাইকোর্টে জনস্বার্থে রিট করার কথা জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী।
রোববার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। নোটিশে গরুর মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আমদানির সুযোগ সৃষ্টি এবং শুল্ক যৌক্তিকীকরণের দাবি জানানো হয়েছে।
নোটিশের প্রাপক হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে রাখা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের ১৮ কোটির বেশি মানুষের মধ্যে প্রায় ৯০ শতাংশ মুসলিম। দেশের বিপুলসংখ্যক মানুষের পছন্দের খাদ্য গরুর মাংস, যা প্রাণিজ আমিষেরও অন্যতম উৎস। অথচ বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এত বেশি দামের কারণে দরিদ্র, নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত পরিবারের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এতে বিশেষ করে শিশুদের পুষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
নোটিশে আন্তর্জাতিক বাণিজ্যের ‘তুলনামূলক সুবিধা তত্ত্ব’ তুলে ধরে বলা হয়েছে, কোনো দেশে একটি পণ্য তুলনামূলক কম খরচে উৎপাদন করা সম্ভব হলে সেখান থেকে আমদানির মাধ্যমে ভোক্তারা কম দামে পণ্যটি পেতে পারেন। এ ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির উদাহরণ দেওয়া হয়েছে। শ্রমিকের মজুরি ও উৎপাদন ব্যয় বেশি হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য বাংলাদেশ থেকে পোশাক আমদানি তুলনামূলক সাশ্রয়ী বলে নোটিশে উল্লেখ করা হয়।
একইভাবে, যেসব দেশে কম খরচে গবাদিপশু পালন ও মাংস উৎপাদন সম্ভব, সেসব দেশ থেকে আমদানির সুযোগ দিলে বাংলাদেশের বাজারেও দাম কমতে পারে বলে মনে করেন নোটিশদাতা আইনজীবী।
নোটিশে আরও বলা হয়, দেশে পর্যাপ্ত চারণভূমির অভাব, পশুখাদ্যের উচ্চমূল্য এবং গবাদিপশু পালনের সামগ্রিক ব্যয়ের কারণে মাংস উৎপাদনে খরচ বাড়ছে। অন্যদিকে, বিশ্বের কিছু দেশে বিস্তৃত চারণভূমি ও বৃহৎ পরিসরে পশু পালনের সুবিধা থাকায় তুলনামূলক কম খরচে গবাদিপশু ও মাংস উৎপাদন করা সম্ভব। এসব দেশ থেকে আমদানির সুযোগ সৃষ্টি হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং দাম কমতে পারে।
আইনজীবীর দাবি, আমদানির সুযোগ তৈরি ও শুল্ক যৌক্তিকীকরণের মাধ্যমে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনা সম্ভব। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার পাশাপাশি খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
নোটিশে সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, খাদ্যসহ মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ছাড়া ১৮(১) অনুচ্ছেদে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতির বিষয়টি রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ রয়েছে। সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকারের প্রসঙ্গ তুলে ধরে নোটিশে বলা হয়েছে, জীবনধারণের অধিকারকে শুধু বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না; পুষ্টিকর খাদ্যপ্রাপ্তির বিষয়টিও এর সঙ্গে সম্পর্কিত।
নোটিশে অভিযোগ করা হয়েছে, আমদানির সুযোগ সীমিত থাকায় বাজারে প্রতিযোগিতা বাধাগ্রস্ত হচ্ছে এবং ভোক্তাদের উচ্চমূল্যে গরুর মাংস কিনতে হচ্ছে।
এ অবস্থায় আগামী ১৫ দিনের মধ্যে জীবিত গরু এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সনদপ্রাপ্ত হালাল ফ্রোজেন বা চিল্ড মাংস আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার, আমদানি শুল্ক যৌক্তিকীকরণ এবং গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
































