কিউ-ক্যাশ আপগ্রেডে ৩১ ব্যাংকের কার্ড লেনদেন বন্ধ

- সর্বশেষ আপডেট ০৪:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 202
ইলেকট্রনিক পেমেন্ট নেটওয়ার্ক কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে অন্তত ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক ও ডিজিটাল লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে এসব ব্যাংকের গ্রাহকদের এটিএম, অর্থ স্থানান্তর, ই-কমার্সসহ বিভিন্ন ধরনের লেনদেনে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেডের কাজ শুরু হয়েছে। আগামী শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে। এ সময়ে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত ব্যাংকগুলোর কার্ডভিত্তিক লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল সেবা বিঘ্নিত হচ্ছে।
তবে কিউ-ক্যাশের পাশাপাশি যেসব ব্যাংকের নিজস্ব সুইচ বা বিকল্প লেনদেন ব্যবস্থা রয়েছে, তারা বিকল্প ব্যবস্থায় কিছু কার্ডভিত্তিক সেবা চালু রাখতে পারছে। অন্যদিকে নিজস্ব সুইচ বা বিকল্প ব্যবস্থা না থাকা ব্যাংকগুলোর এটিএমসহ কার্ডভিত্তিক প্রায় সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে।
ফলে এসব ব্যাংকের গ্রাহকেরা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না। একই সঙ্গে অর্থ স্থানান্তর, ই-কমার্স ও বিদেশে কার্ডের মাধ্যমে লেনদেনসহ বিভিন্ন সেবা ব্যবহারেও সমস্যায় পড়ছেন তারা। কোনো কোনো প্রতিষ্ঠানের কর্মীরা ব্যাংক কার্ডের মাধ্যমে বেতন উত্তোলনেও সমস্যার মুখে পড়েছেন।
যেসব ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা কিউ-ক্যাশের আপগ্রেডের কারণে বিঘ্নিত হচ্ছে, সেগুলো হলো; অগ্রণী ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, বেসিক ব্যাংক, ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও উত্তরা ব্যাংক।
এদিকে কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেডের কারণে ব্যাংকগুলোর ডিজিটাল লেনদেনে সৃষ্ট ভোগান্তির বিষয়ে জানতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালটেন্টস পিএলসির কোম্পানি সচিব সেলিম পারভেজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।































