নীলফামারীতে বিশ্ব বসতি দিবস পালিত
- সর্বশেষ আপডেট ১১:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 29
‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামানের সঞ্চালনায় সভায় গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, সবার জন্য নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিকল্পিত নগরায়ণ শুধু মানুষের আবাসনের সুযোগ সৃষ্টি করে না, বরং পরিবেশ, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নগর গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নীলফামারীর উন্নয়ন ও নগরায়ণের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত খোলা জায়গা, সড়ক যোগাযোগ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, অপরিকল্পিতভাবে বসতি ও স্থাপনা নির্মাণের প্রবণতা রোধ করতে হবে। একই সঙ্গে পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মিহির কুমার রায়, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) রাজিয়া সুলতানাসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





























