রেলওয়ের ভুল এসএমএসে শতাধিক যাত্রীর ভোগান্তি

- সর্বশেষ আপডেট ০১:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 210
সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের যাত্রা নিয়ে রেলওয়ের পাঠানো ভুল এসএমএসের কারণে ভোগান্তিতে পড়েছেন শতাধিক যাত্রী। রাত ১০টার পরিবর্তে ট্রেনটি রাত ১১টায় ছাড়বে; এমন বার্তা পেয়ে যাত্রীরা নির্ধারিত সময়ের পরে সিলেট স্টেশনে পৌঁছান। তবে শেষ পর্যন্ত ট্রেনটি নির্ধারিত রাত ১০টাতেই সিলেট ছেড়ে যাওয়ায় তারা ট্রেনটি ধরতে পারেননি।
শনিবার রাতে রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের মোবাইল ফোন ও অনলাইন মাধ্যমে জানানো হয়, সিলেট স্টেশন থেকে রাত ১০টার উদয়ন এক্সপ্রেস (৭২৪) এক ঘণ্টা বিলম্বে রাত ১১টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। এই বার্তার ওপর নির্ভর করে অনেক যাত্রী দেরিতে স্টেশনে পৌঁছানোর প্রস্তুতি নেন। পরে সময়সূচি স্বাভাবিক হয়ে যাওয়ায় ট্রেনটি নির্ধারিত সময়েই সিলেট ছেড়ে যায়।
এতে শতাধিক যাত্রী সিলেট স্টেশনে আটকা পড়েন। তাদের কুলাউড়া জংশনে এনে উদয়ন এক্সপ্রেসে তুলে দিতে ট্রেনটি সেখানে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করে। রাত ১১টা ১৪ মিনিটে উদয়ন এক্সপ্রেস কুলাউড়ায় পৌঁছালে যাত্রা মিস করা যাত্রীদের সেখানে তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়।
সিলেটে আটকে পড়া যাত্রীদের পরে ঢাকা অভিমুখী উপবন এক্সপ্রেস (৭৪০) ট্রেনে তুলে দেওয়া হয়। ওই ট্রেনে করে তারা কুলাউড়া পৌঁছানোর পর উদয়ন এক্সপ্রেসে স্থানান্তরিত হন।
রাত সোয়া ১টার দিকে যাত্রীদের তুলে নিয়ে উদয়ন এক্সপ্রেস কুলাউড়া জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে পুনরায় যাত্রা করে। এ সময় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
ভুক্তভোগী যাত্রী মিনহাজ আহমদ বলেন, ‘রেলওয়ে নিজেই ভুল বার্তা দিয়ে আমাদের হয়রানির মধ্যে ফেলেছে। এখন মাঝরাতে অন্য ট্রেনে করে কুলাউড়া এসে আবার উদয়ন এক্সপ্রেসে উঠতে হচ্ছে। এই ভোগান্তির দায় কে নেবে?’
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে উদয়ন এক্সপ্রেসের আরেক যাত্রী মাসুম বিল্লাহ জানান, এক দিন আগে তাকে জানানো হয়েছিল শনিবার উদয়ন এক্সপ্রেস রাত ১০টার পরিবর্তে রাত ১১টায় ছাড়বে। সে অনুযায়ী তিনি রাত সাড়ে ৯টার দিকে স্টেশনে পৌঁছান। কিন্তু তার আগেই রাত ১০টায় ট্রেনটি ছেড়ে যায়।
কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনমাস্টার রোমান আহমদ বলেন, শুক্রবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা আটকে থাকায় সিলেট-চট্টগ্রাম রুটের কয়েকটি ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসে। এ কারণে আগেই যাত্রীদের এসএমএসের মাধ্যমে বিলম্বের তথ্য জানানো হয়েছিল। পরে সময়সূচি স্বাভাবিক হওয়ায় উদয়ন এক্সপ্রেস নির্ধারিত সময়েই সিলেট থেকে ছেড়ে যায়।
তিনি বলেন, বিষয়টি জানার পর সিলেটে থেকে যাওয়া যাত্রীদের উপবন এক্সপ্রেসে করে কুলাউড়ায় আনা হয়। তাদের জন্য উদয়ন এক্সপ্রেসকে প্রায় দুই ঘণ্টা কুলাউড়া স্টেশনে অপেক্ষা করানো হয়। পরে রাত ১টার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে কুলাউড়া ছেড়ে যায়।



































