টার্মিনাল আছে নিজের জায়গায়, বাস রাখা হচ্ছে সড়কে
- সর্বশেষ আপডেট ০৬:১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 18
বান্দরবান শহরে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক বাস টার্মিনাল ও দৃষ্টিনন্দন টানেল। কিন্তু নির্মাণের পরও কমেনি সড়কের বিশৃঙ্খলা। নির্ধারিত টার্মিনাল ফেলে মূল সড়কের পাশে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এমনকি টানেলের ভেতরও বাস ও ট্রাক পার্কিং করা হচ্ছে।
এতে শহরের বিভিন্ন সড়কে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। বাড়ছে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ। পাশাপাশি যত্রতত্র বাস ও ভারী যানবাহন রাখায় দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যানজট নিরসনে ২০২৩ সালে শহরের হাফেজঘোনা এলাকায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে নতুন বাস টার্মিনাল নির্মাণ করা হয়। টার্মিনালে যাত্রীবাহী বাসের পার্কিং ও কাউন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। টার্মিনালে যাতায়াতের জন্য প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫০০ ফুট দীর্ঘ আধুনিক টানেল। সড়কের যানজট কমানো, নির্দিষ্ট স্থানে বাস কাউন্টার স্থাপন এবং শহরের সৌন্দর্য বাড়ানোই ছিল এসব অবকাঠামো নির্মাণের উদ্দেশ্য।
তবে সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত টার্মিনাল ব্যবহার না করে শহরে প্রবেশের মূল সড়কের বিভিন্ন স্থানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। মূল সড়কের পাশে পুরবী-পূর্বানী, মারসা, সাঙ্গুসহ বিভিন্ন বাসের টিকিট কাউন্টার রয়েছে। এসব কাউন্টারের পাশে গড়ে উঠেছে ছোট ছোট চায়ের দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। কোথাও আবার সড়কের পাশে ট্রাকও পার্ক করে রাখা হয়েছে।
শহরের প্রবেশপথ থেকে হিলবার্ড এলাকার হোটেল পর্যন্ত সড়কের পাশে দীর্ঘ সারিতে যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চট্টগ্রাম, কেরানীহাট ও ঢাকাগামী বাসগুলোও অনেক ক্ষেত্রে নির্ধারিত টার্মিনালে না গিয়ে সড়কের পাশে যাত্রী ওঠানামা করাচ্ছে। একই সঙ্গে টানেলের ভেতরেও যত্রতত্র বাস ও ট্রাক রাখার অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয়ে টার্মিনাল ও টানেল নির্মাণের পরও সড়কের ওপর বাস পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধ হয়নি। কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় চালকরা নিজেদের সুবিধামতো সড়কের বিভিন্ন স্থানে গাড়ি থামাচ্ছেন। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা কামাল ও রফিকসহ কয়েকজন বলেন, নির্দিষ্ট বাস টার্মিনাল থাকা সত্ত্বেও সেখানে না গিয়ে সড়কের পাশে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। টানেলের ভেতরেও বাস ও ট্রাক পার্কিং করা হচ্ছে। অবৈধ পার্কিং ও সড়কের পাশের টিকিট কাউন্টারগুলো সরানো না হলে যানজট ও বিশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুব্রত চক্রবর্তী বলেন, নিয়মিত অভিযান ও মামলা করা হলেও বিশৃঙ্খলভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে যানজট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সমস্যা সমাধানে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বান্দরবান বাস-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর ইসলাম বলেন, সড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে রাখা বাস ও ট্রাকের বিষয়ে মালিকদের সঙ্গে আলোচনা করা হবে। নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া বলেন, নতুন বাস টার্মিনালে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংয়ের বিষয়ে মালিক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফেরাতে কেউ অবৈধভাবে গাড়ি পার্কিং করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





























