কলারোয়ায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

- সর্বশেষ আপডেট ০২:৩৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 158
সাতক্ষীরার কলারোয়ায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বাইসাইকেল বিতরণ করেছে জেলা পরিষদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় রোলধারী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি দুটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। এতে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্রসহ মোট ৮০ শিক্ষার্থী বাইসাইকেল পেয়েছে।
বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজীরহাট হাইস্কুল।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে জেলা পরিষদের উদ্যোগে উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।































