সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

- সর্বশেষ আপডেট ১১:৪৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 131
অননুমোদিত দুই গুদামে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের চারটি গুদাম সিলগালা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেডে’ যৌথ অভিযান চালিয়ে গুদামগুলো সিলগালা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টস বন্ড প্রাইভেট লিমিটেডের একটি অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুতের সন্ধান পাওয়া যায়। প্রাথমিক তদন্তে গুরুতর অসঙ্গতি ধরা পড়ায় অধিকতর যাচাই ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী দলের সূত্র জানায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউস ছিল দুটি। তবে সরেজমিন পরিদর্শনে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসের সন্ধান পাওয়া যায়। অর্থাৎ অনুমোদিত সীমার বাইরে গিয়ে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত করা হচ্ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য যাতে অননুমোদিত স্থান থেকে সরানো বা অপসারণ করা না যায় এবং তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে জন্য চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম ও গুদামে মজুত পণ্যের বিষয়ে বিস্তারিত তদন্ত ও যাচাই-বাছাই চলছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
এদিকে নিউ গিনি প্রোপার্টিজ এলাকায় হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়ার দায়ের করা জমি দখল ও পূর্বশত্রুতার মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে গত বুধবার সালমান মুক্তাদিরের ব্যক্তিগত সব ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর পরদিনই তার শ্বশুরের প্রতিষ্ঠানে অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে যৌথ অভিযান ও চারটি গুদাম সিলগালার ঘটনা ঘটল।
































