ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, স্ত্রীসহ গ্রেপ্তার ক্যাশ অফিসার
- সর্বশেষ আপডেট ০১:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 14
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখা থেকে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগ ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, গ্রাহকদের টাকা আত্মসাতের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে সোহাগ আত্মগোপনে ছিলেন। পরে তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়। এর আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার ব্যাংকের অপর ক্যাশ কর্মকর্তা জিন্নাহ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আমানতের টাকা খোয়া যাওয়ার খবর পেয়ে মঙ্গলবারও ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা শ্রীনগর শাখায় ভিড় করেন। এদিন নতুন করে ২০ থেকে ২৫ জন গ্রাহক ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এর আগের দুই দিনে ২৩০টি অভিযোগ জমা পড়েছিল। সব মিলিয়ে তিন দিনে প্রায় আড়াই শতাধিক গ্রাহক অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন।
ব্যাংকের অডিট কমিটির তদন্তও চলছে। অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে কমিটি।
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই অনিয়মের সঙ্গে শুধু সোহাগ ও জিন্নাহ নয়, ব্যাংকের আরও একটি বড় চক্র জড়িত থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত, জড়িতদের শনাক্ত এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, পুলিশের একটি দল মোহাম্মদপুরে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সোহাগকে স্ত্রীসহ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৌরভ সমাদ্দারও সোহাগের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।





























