কলির দুই পা খুঁজতে সাত দিন পর ঘটনাস্থলে পুলিশ

- সর্বশেষ আপডেট ০৫:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 140
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলির খণ্ডিত মরদেহ উদ্ধারের সাত দিন পর ঘটনাস্থলে আবারও তল্লাশি চালিয়েছে পুলিশ। মরদেহের বিচ্ছিন্ন দুই পায়ের সন্ধানে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুলোনিয়া গ্রামের ওই ডোবা ও আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)।
ডিবির ওসি আব্দুস সালাম ও মামলার তদন্ত কর্মকর্তা বেনু রায়ের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় মরদেহ উদ্ধারের স্থানসহ আশপাশের কয়েকটি ডোবায় তল্লাশি চালানো হয়। স্থানীয় কয়েকজনকেও সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। তবে এখন পর্যন্ত কলির দুই পায়ের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মামলার তদন্তের অংশ হিসেবেই ঘটনাস্থলে ফের তল্লাশি চালানো হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর কলির মরদেহ উদ্ধারের সময় তার দুই পা পাওয়া যায়নি। এরপর থেকেই বিচ্ছিন্ন পা দুটির সন্ধানে তল্লাশি চালিয়ে আসছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ সোহেল বলেন, দাফনের সময়ও কলির দুটি পা ছিল না। সেগুলো কোথায় গেল, তা এখনো জানা যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা বেনু রায় বলেন, স্থানীয়রা পা দুটি খুঁজে দেখতে চেয়েছিল। সে কারণে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত-সংক্রান্ত রিপোর্ট হাতে এলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় কামরুন্নাহার কলি। সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে পাবনার কুলোনিয়া গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কলির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার পুলিশ সুপার মো. আশ্রাফ আলী জানান, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মোস্তফার দোকানের পেছনের একটি ঘরে কলিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয়।
পুলিশের দাবি, ঘটনার পর সন্দেহ এড়াতে আসামিরা কলির পরিবারের সঙ্গে তাকে খোঁজার পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেন। রিমান্ডে মোস্তফা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ইয়াছিন আলী এ অভিযোগ অস্বীকার করেছেন।































