চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: প্রতিমন্ত্রী

- সর্বশেষ আপডেট ১২:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 375
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের ভিত্তিতে এমনটি মনে হচ্ছে বলে জানান তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ইসির বক্তব্য অনুযায়ী চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না। রোজা ও বিভিন্ন পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। তবে ভোটের চূড়ান্ত সময়সূচি নির্বাচন কমিশনই নির্ধারণ করবে।
এর আগে ইসি জানিয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী বছরের ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য প্রয়োজনীয় বাজেট প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও হাটবাজারের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে এ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ প্রকল্পে ৩৭০ কোটি টাকা ছাড় দেওয়া হবে বলে জানান তিনি।




































