এয়ারবাস নিয়ে সিদ্ধান্ত সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

- সর্বশেষ আপডেট ০৬:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 135
এয়ারবাসের কাছ থেকে বাংলাদেশ ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। তাঁর মতে, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব কতটা এগিয়ে নেওয়া হবে, তারও একটি ইঙ্গিত পাওয়া যাবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজনে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এয়ারবাসের সঙ্গে বাংলাদেশের আলোচনা এখনো চলছে জানিয়ে ফরাসি রাষ্ট্রদূত বলেন, চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। তবে আলোচনায় সব পক্ষের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে ফ্রান্স।
তিনি বলেন, বর্তমান সরকারের কাছেও এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, বিষয়টি সরকারের জন্য একটি ভালো পরীক্ষা এবং এ ক্ষেত্রে সরকারের প্রতি ফ্রান্সের আস্থা রয়েছে।
রাষ্ট্রদূতের মতে, এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার বিষয়টি শুধু একটি বাণিজ্যিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে বেসামরিক বিমান চলাচল খাতে বাংলাদেশ ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের সুযোগ তৈরি হতে পারে।
তিনি বলেন, ১০টি উড়োজাহাজের চুক্তি আকারে খুব বড় না হলেও এর কৌশলগত গুরুত্ব রয়েছে। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে যেতে বাংলাদেশ যে আলোচনায় যুক্ত রয়েছে, সেটিই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
বাংলাদেশের উড়োজাহাজ কেনার আলোচনা আওয়ামী লীগ সরকারের সময় থেকেই চলছিল। সে সময় বোয়িং ও এয়ারবাসের মধ্যে কোন প্রতিষ্ঠান থেকে উড়োজাহাজ কেনা হবে, তা নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তৎকালীন বিমানমন্ত্রী মাহবুব আলী।
তবে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার বোয়িং থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া বিএনপি সরকারও বোয়িংয়ের সঙ্গে চুক্তি করে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়। এর পরও এয়ারবাসের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
জ্যঁ-মার্ক সেরে-শারলে বলেন, এয়ারবাসের সঙ্গে আলোচনায় সময় লাগতে পারে। তবে দরকষাকষি ভালোভাবেই এগোচ্ছে এবং সেখান থেকে ইতিবাচক ফল পাওয়ার আশা রয়েছে।
এয়ারবাসকে বেছে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার চেয়ে কারিগরি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল বলেও দাবি করেন ফরাসি রাষ্ট্রদূত। তাঁর মতে, মিশ্র উড়োজাহাজ বহর পরিচালনার সুবিধার বিষয়টি বিবেচনা করেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসকে বেছে নিয়েছিল।
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও কথা বলেন তিনি। আগামী বছর এ বিষয়ে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তাঁর মতে, এফটিএ ও এয়ারবাস; িদুটিই বাংলাদেশ ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের বৃহত্তর কাঠামোর অংশ।
ফ্রান্স বা ইউরোপ বাংলাদেশকে অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পক্ষ বেছে নেওয়ার জন্য চাপ দিচ্ছে না বলেও জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, অংশীদারত্বের অর্থ কাউকে বাদ দেওয়া নয়, বরং সবাইকে অন্তর্ভুক্ত করা।
এফটিএ হলে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশেই বাংলাদেশের বাণিজ্যিক সুযোগ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।































