অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তি

- সর্বশেষ আপডেট ১১:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 236
কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি নেওয়া হয়।
জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন সাইফুল ইসলাম তুহিন, মোফাজ্জেল হোসেন ফাহাদ ও মো. কামরুল হাসান। রোববার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তবে জবানবন্দিতে তারা কী বলেছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমানও বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রতিম হত্যা মামলায় রাতে তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন বিধি অনুযায়ী তদন্ত সংস্থা বা পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, গত শুক্রবার বিকেল ৩টা ১২ মিনিটে অপ্রতিমকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলাম তুহিন লালমাই পাহাড়ের ‘সানন্দা’ এলাকার পাহাড়ঘেরা জঙ্গলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তুহিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ওই এলাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তুহিন তার দুই সহযোগী ফাহাদ ও কামরুলের নাম জানায়। পরে তাদেরও হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্ত অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে অপ্রতিমের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তিনজনের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হলে তুহিন তার মোবাইল ফোন নিয়ে সহযোগীদের সঙ্গে সেখান থেকে চলে যায়।
এর পরদিন শনিবার দুপুরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। গত শুক্রবার দুপুরে কোটবাড়ি সালমানপুর এলাকা থেকে নিখোঁজ হয় সে।
এ ঘটনায় সিয়াম নামে আরও এক তরুণকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করছে পুলিশ।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার সাইফুল ইসলাম তুহিনের বয়স ১৯ বছর। তার বাড়ি নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সানন্দা এলাকায়। কুমিল্লা সিটি কলেজ থেকে একাদশ শ্রেণিতে ফেল করার পর সে পড়াশোনা ছেড়ে দেয়। ১৫ বছর বয়সী মোফাজ্জেল হোসেন ফাহাদ একই ওয়ার্ডের সালমানপুর এলাকার বাসিন্দা এবং ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। ১৮ বছর বয়সী মো. কামরুল হাসানের বাড়ি দক্ষিণ উপজেলার হাতিগাড়া গ্রামে। আর ১৯ বছর বয়সী সিয়ামের বাড়ি একই উপজেলার এলাহীপুর গ্রামে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে এর আগে কোনো পূর্ব অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তুহিন, ফাহাদ ও কামরুলকে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সিয়ামের সম্পৃক্ততা যাচাই শেষে তদন্ত দ্রুত শেষ করে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।































