একুশে পদকপ্রাপ্ত অরূপরতন চৌধুরীর জন্মদিন কাল
- সর্বশেষ আপডেট ০১:৪৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 41
একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সমাজসেবক ও রবীন্দ্রসঙ্গীতশিল্পী অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর জন্মদিন ১৯ সেপ্টেম্বর। ১৯৫২ সালের এই দিনে সিলেটের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে পিতা শৈলেন্দ্র কুমার চৌধুরী ও মাতা ড. মঞ্জুশ্রী চৌধুরীর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন তিনি। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি একজন। তাঁর স্ত্রী গৌরী চৌধুরী একজন গৃহিণী। দুই ছেলে অনির্বাণ চৌধুরী ও সপ্তক চৌধুরীও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
ড. অরূপরতন চৌধুরী বর্তমানে বারডেম হাসপাতালে ডেন্টাল সার্জারি বিভাগে ভিজিটিং প্রফেসর এবং ইব্রাহীম মেডিকেল কলেজে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। পেশায় চিকিৎসক হলেও দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও তামাকের ভয়াবহতা থেকে রক্ষায় ৪৪ বছরের বেশি সময় ধরে ধূমপান ও মাদকের বিরুদ্ধে কাজ করছেন।
১৯৮৯ সালে তিনি ‘মানস’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন বিষয়ে এ পর্যন্ত ৩৬টি বই লিখেছেন তিনি। পাশাপাশি তাঁর বিভিন্ন গবেষণা ৪০টির বেশি আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হয়েছে।
চিকিৎসা ও সমাজসেবার পাশাপাশি সংগীতচর্চার সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত ড. অরূপরতন। তিনি একজন প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীতশিল্পী এবং নিয়মিত সংগীতচর্চা করেন। ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো মাদক ও ধূমপানবিরোধী চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’ নির্মাণ করেন তিনি।
সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন ড. অরূপরতন চৌধুরী। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘টোব্যাকো অর হেলথ’ পুরস্কার সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে ১৯৯৫ ও ১৯৯৮ সালে অর্জন করেন তিনি। ‘মাদার তেরেসা পদক’সহ বিভিন্ন সময়ে আরও বহু সম্মাননা পেয়েছেন এই গুণী ব্যক্তিত্ব।


































