জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর বৈঠক গোপন রাখা হবে না
- সর্বশেষ আপডেট ০৪:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 93
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি নিউইয়র্কে অবস্থান করে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। সফরে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেলে কার কার সঙ্গে বৈঠক হবে, তা পরে জানানো হবে। বিষয়টি গোপন রাখা হবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। সফরে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে কি না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। এর পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক হবে। এসব বৈঠকের সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে নেওয়া হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেলে কার কার সঙ্গে বৈঠক হবে, তা পরে জানানো হবে। বিষয়টি গোপন রাখা হবে না বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সাইডলাইন বৈঠকের উদ্যোগের কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।






























