রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ
- সর্বশেষ আপডেট ০৯:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 17
কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় নিজ ঘরে থাকা এক নারী ও তার ছেলে গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এ সংঘর্ষ চলে। এতে পুরো ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধরা হলেন বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম ও তার ছেলে মোহাম্মদ ইউসুফ। স্বজনরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ক্যাম্পে দফায় দফায় ব্যাপক গোলাগুলি হয়। প্রায় ১০০ থেকে ২০০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে দাবি তাদের। রোহিঙ্গাভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
হঠাৎ করে টানা গোলাগুলির শব্দে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য অনেকে ঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহত মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গোলাগুলির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী ও গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




























