রাজনীতিবিদদের অহংকার করা উচিত নয়: মীর শাহে আলম
- সর্বশেষ আপডেট ০৬:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 19
সম্মান দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ; এ মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কোনো রাজনীতিবিদেরই অহংকার করা উচিত নয়।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, আল্লাহ যেকোনো সময় কাউকে সম্মান দিতে পারেন, আবার যেকোনো সময় সেই সম্মান কেড়েও নিতে পারেন। তাই রাজনীতিবিদদের সবসময় বিনয়ী থাকা উচিত।
গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশ আরও সুদৃঢ় হয়েছে। বর্তমানে দেশে সত্যিকারের গণতন্ত্র বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, তিনি অহংকারহীন ও সজ্জন রাজনীতিবিদ। দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন এবং মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে নিয়েছেন।
তিনি বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত হলেই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও খেলার মাঠের উন্নয়নকাজ পরিদর্শন করেন।
দুপুরে নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন মীর শাহে আলম। সেখানে তিনি তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ। মানুষের অধিকার, কল্যাণ ও সমৃদ্ধির জন্য দলকে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের শীর্ষ নেতৃত্বের আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।





























