খুলনায় জোড়া খুনের প্রধান আসামি সাইফি অস্ত্রসহ গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৩:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 6
খুলনার লবণচরায় জোড়া খুনের ঘটনায় প্রধান আসামি ও লবণচরার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাইফিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকেও আটক করা হয়।
শনিবার (২২ আগস্ট) র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতী এলাকায় অভিযান চালিয়ে সাইফি ও রাকিবকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি শর্টগান, একটি পিস্তল ও তিনটি দেশীয় তৈরি চাপাতি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গত বুধবার (১৯ আগস্ট) খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকার ৮০ বিঘা নামক স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে। এতে মো. মঞ্জুরুল ইসলাম ও মো. নাজমুলকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
ওই জোড়া খুনের ঘটনায় সাইফিকে প্রধান আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে সহযোগীসহ অস্ত্রের চালানসহ আটক করে র্যাব।






























