জেন-জি নিয়ে মন্তব্য বদলে ফের আলোচনায় কঙ্গনা

- সর্বশেষ আপডেট ০৩:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 173
কয়েক দিন আগেও ভারতের জেন-জি তরুণদের কঠোর সমালোচনা করেছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। এবার সেই তরুণ প্রজন্মের প্রশংসা করে নতুন মন্তব্য করায় আবারও আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী। আন্দোলনরত জেন-জি তরুণদের সমালোচনা করে কঙ্গনা বলেছিলেন, বিক্ষোভ করে সরকারের ওপর চাপ সৃষ্টি করে কে মন্ত্রী থাকবেন বা কে থাকবেন না, তা নির্ধারণ করা যায় না।
তাঁর বক্তব্য ছিল, জনগণের ভোটে নির্বাচিত সরকার কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারেরই রয়েছে। সরকারের কর্মকাণ্ডে আপত্তি থাকলে নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অবস্থান জানানোর পরামর্শও দিয়েছিলেন তিনি। একই সঙ্গে মন্তব্য করেছিলেন, শেষ পর্যন্ত তরুণরা বিজেপি ও সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন।
কঙ্গনার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। আন্দোলনরত জেন-জি তরুণদের নিয়েও তাঁর মন্তব্য সমালোচনার জন্ম দেয়।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সেই অবস্থান থেকে অনেকটাই সরে এসেছেন কঙ্গনা। আগে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের কটাক্ষ করলেও এবার তাঁদের প্রজন্মকে দেশের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে ধরেছেন তিনি।
নতুন মন্তব্যে কঙ্গনা বলেন, বর্তমান প্রজন্মের তরুণদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাঁরা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নেই; দেশের নানা গুরুত্বপূর্ণ কাজেও তাঁদের অংশগ্রহণ বাড়ছে।
কঙ্গনার ভাষায়, এই মুহূর্তে জেন-জি তরুণরাই দেশের চালিকাশক্তি।
আগের মন্তব্যের সঙ্গে নতুন বক্তব্যের পার্থক্য নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের অনেকে তাঁর নতুন বক্তব্যকে আগের অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন বলে উল্লেখ করছেন। অন্যদিকে কঙ্গনার নতুন মন্তব্যকে তরুণ প্রজন্মের ভূমিকা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হিসেবেও দেখছেন অনেকে।

































