জেন-জি আন্দোলনের পর উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি
- সর্বশেষ আপডেট ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 10
ভারতের তিনটি রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফলে দুটি গুরুত্বপূর্ণ আসনে পরাজয়ের মুখ দেখেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্যে একটি আসন দীর্ঘদিন ধরে দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং এটি বিজেপির কেন্দ্রীয় সভাপতির সাবেক নির্বাচনী এলাকা।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত ফলাফলে বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাটের মাঞ্জলপুর, এই তিনটি আসনের বিজয়ীদের নাম ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন।
এই উপনির্বাচনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ সম্প্রতি প্রশ্নফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হওয়া ‘জেন-জি আন্দোলন’-এর পর এটিই ছিল প্রথম বড় নির্বাচন। ওই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ-তরুণী ও তাদের অভিভাবকদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল।
বিহারের বাঁকিপুর আসনে জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর জয় পেয়েছেন। তিনি বিজেপি প্রার্থী নীরজ কুমারকে ১৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। ১৯৯৫ সালের পর এই প্রথম আসনটি হাতছাড়া হলো বিজেপির। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়।
মধ্যপ্রদেশের দাতিয়া আসনেও জয় পেয়েছে বিরোধী কংগ্রেস। দলটির প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে ৬ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।
এর আগে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনেও দাতিয়া আসনে কংগ্রেস জয়ী হয়েছিল। তবে নির্বাচিত সদস্য রাজেন্দ্র ভারতী একটি প্রতারণা মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়ায় আসনটি শূন্য হয়ে যায় এবং উপনির্বাচনের প্রয়োজন হয়।
অন্যদিকে গুজরাটের মাঞ্জলপুর আসনে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। দলটির প্রার্থী সতেন্দ্রভাই প্যাটেল কংগ্রেসের ভিখাভাই রাবারিকে ৩০ হাজারের বেশি ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন।




































