বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
- সর্বশেষ আপডেট ১২:০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 100
বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিও শহরে পৌঁছেছেন ফুটবল তারকা লিওনেল মেসি। স্থানীয় সময় শনিবার (৮ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে রোজারিওতে পৌঁছান আর্জেন্টাইন এই মহাতারকা।
বিমানবন্দর থেকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে একটি ভ্যানে করে বের হয়ে যান মেসি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করার কথা রয়েছে। তাঁর শেষকৃত্য পারিবারিক পরিসরেই সম্পন্ন হবে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।
এরই মধ্যে হোর্হে মেসিকে সমাহিত করার সম্ভাব্য স্থানটির বাইরে ভিড় করতে শুরু করেছেন মেসির অসংখ্য ভক্ত। প্রিয় তারকার জীবনের এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে থাকার পাশাপাশি হোর্হে মেসিকে শেষ শ্রদ্ধা জানাতেই সেখানে জড়ো হচ্ছেন তারা।
স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মারা যান হোর্হে মেসি। মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ৬৮ বছর বয়সী হোর্হে মেসি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
মেসির ফুটবল ক্যারিয়ারে তাঁর বাবা হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাবা হিসেবেই নয়, দীর্ঘ সময় ছেলের এজেন্ট হিসেবেও তাঁর ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পাশে ছিলেন তিনি। শৈশব থেকে মেসির ফুটবলার হয়ে ওঠার পথচলায়ও বাবার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
বাবার শেষ বিদায়ে যোগ দেওয়ার পাশাপাশি মেসি শোকাহত মা সেলিয়া কুচ্চিত্তিনির পাশেও থাকতে চান। শেষকৃত্য শেষে তাঁর যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফেরার কথা থাকলেও দ্রুত তাঁকে ফেরানোর পরিকল্পনা নেই ইন্টার মায়ামির।
বাবার মৃত্যুর কারণে লিগস কাপের গ্রুপ পর্বে মন্টেরির বিপক্ষে ম্যাচ থেকে মেসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ম্যাচে তাঁর শুরুর একাদশে থাকার কথা ছিল।
হোর্হে মেসির মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি এখন পরিবারের সঙ্গে রোজারিওতেই রয়েছেন।






























