প্রধানমন্ত্রী তারেক রহমান
শিক্ষা-স্বাস্থ্য-জ্বালানি স্বনির্ভর করতে পরিকল্পনা

- সর্বশেষ আপডেট ০৩:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 151
শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য ও চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও স্বনির্ভর করতে ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দ্রুত ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। তবে শুধু অবকাঠামো উন্নয়ন করলেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। চিকিৎসকদের সেবার মানসিকতা ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করাও জরুরি।
তারেক রহমান বলেন, সরকারের স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য হলো—‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’। রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে মানুষকে আগে থেকেই সচেতন করা প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।
এসব স্বাস্থ্যকর্মী জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সহযোগিতা করবেন। তাদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রাজনীতিতে শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের অংশগ্রহণ নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের নিজ নিজ মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকা অযৌক্তিক নয়।
তবে অতিরিক্ত রাজনৈতিক সম্পৃক্ততা যাতে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তার মতে, প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে রাজনীতির গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি।
চিকিৎসকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কোথাও অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য দেখা দিলে তা সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়।
এ কারণে চিকিৎসক ও সাধারণ মানুষের কাছ থেকে আরও দায়িত্বশীল, মানবিক ও আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
তারেক রহমান বলেন, সবাইকে সম্মিলিতভাবে এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হবেন না।































