সুনামগঞ্জে নৌকাডুবি: চার নিখোঁজের সবাই মৃত
- সর্বশেষ আপডেট ০১:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 134
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় কীর্তন শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে বাকি দুজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহতরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার হেমেন্দ্র দেবনাথ (৩৫) ও অধীর দেবনাথ (৩৫)। এর আগে শনিবার একই ঘটনায় উদ্ধার করা হয় সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও অরুণ দেবনাথের (৪৫) মরদেহ।
জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার নয়জন একটি নৌকায় করে পাশের ভরাউট এলাকায় হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার সময় মইয়ার হাওরের বালুচর এলাকায় তাদের নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার সময় নৌকায় থাকা নয়জনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। খবর পেয়ে শনিবার দিনভর সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে রোববার সকালে স্থানীয়দের সহায়তায় বাকি দুজনের মরদেহও উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।































