আক্রমণ চললে পাল্টা হামলা অব্যাহত থাকবে: ইরান

- সর্বশেষ আপডেট ০৫:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 112
যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির অবকাঠামো ও উপকূলীয় এলাকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া চলবে বলে জানিয়েছে তেহরান।
বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সশস্ত্র বাহিনীর পাল্টা অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত বলেও জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে সর্বশেষ দফার হামলা সম্পন্ন করেছে তারা। মার্কিন বাহিনীর দাবি, এসব অভিযানে ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এসব হামলার মাধ্যমে বেসামরিক নৌযান ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা কমানোর চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা কুয়েতের আল-আদিরি ক্যাম্প ও আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, তারা দেশটির আকাশসীমায় শত্রু ড্রোন প্রতিহত করছে।
এ ঘটনায় বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত চালু করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ইরানের চারটি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন প্রতিহত করেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এর আগে ইরানের স্থলভাগের কয়েক ডজন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি সমুদ্রপথে ইরানের ওপর অবরোধ জোরদার করে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বাণিজ্যিক জাহাজের চলাচলও বাধাগ্রস্ত করা হয়েছে।





































