হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 11
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। চলমান সংক্রমণে মৃত ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০৬ জন শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে।
তবে রোববার (৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য।


































