‘ফুলের পাপড়ি দিয়ে হাসিনাকে ফেরানো যাবে না’

- সর্বশেষ আপডেট ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 81
বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, যারা বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাঁরা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন, তাঁদের অনেকেই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।
সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে গণমাধ্যম। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ সাংবাদিকদের কাছে আসে। এই আস্থা ধরে রাখতে হবে। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধেও সোচ্চার হতে হবে।
সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের ভালো কাজের পাশাপাশি ভুলত্রুটি ও নেতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরার পরামর্শ দেন। সরকারের বা তাঁর নিজের বিরুদ্ধে সমালোচনা হলেও আপত্তি নেই বলে জানান আইনমন্ত্রী।
তিনি দাবি করেন, গত প্রায় নয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকেও সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে। রাতারাতি সব পরিবর্তন সম্ভব না হলেও সরকার সঠিক তথ্যের ভিত্তিতে এগিয়ে যেতে চায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়কার ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, ডিবি কার্যালয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ মারধরের শিকার হওয়ার সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সেখানে জুস পান করছিলেন। এ বিষয়ে তাঁর কাছে তথ্য ও রেকর্ড রয়েছে বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। তাঁর দাবি, সেই ইতিহাস যথাযথভাবে প্রকাশ করা হলে হাসনাত ও সারজিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে।
ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুলসহ অন্যরা।































