বিবিসি বাংলার প্রতিবেদন
শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দুই শর্ত

- সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 188
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে নতুন অবস্থান নিয়েছে ভারত। তাঁকে ফেরানোর দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে; এমনটাই চায় নয়াদিল্লি। পাশাপাশি দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করার শর্তও দিয়েছে ভারত। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সামরিক বিমানে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। এখন তাঁকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা চায় ভারত। এ জন্য বাংলাদেশ সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে নিয়ে যেতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থান থেকেও সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে।
দিল্লির দ্বিতীয় শর্ত হলো, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নতুন করে বিচারপ্রক্রিয়ার সুযোগ পান। ভারত চায়, এই বিচার আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের নজরদারিতে অনুষ্ঠিত হোক।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দেওয়ার জন্য হস্তান্তর করতে চায় না দিল্লি। বরং তাঁর নতুন করে ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে আগ্রহী ভারত। তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে যেন বিষয়টি দেখা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে চায় দেশটি।
প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেয়নি ভারত
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরেই ভারতকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ। এরপর একাধিকবার তাগাদা দেওয়া হলেও দিল্লি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি। প্রত্যর্পণ চুক্তির আইনি দিক বিবেচনার কথা বলে বিষয়টি ঝুলিয়ে রেখেছে দেশটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বন্দি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিতে চায় না ভারত। দেশটির দীর্ঘদিনের মিত্র একজন সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে হস্তান্তর করলে বিদেশে ভারতের মিত্র রাজনৈতিক নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে বলে মনে করছেন দিল্লির নীতিনির্ধারকেরা।
সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের ইঙ্গিত
শেখ হাসিনার প্রত্যাবর্তনে দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেন।
ভারতের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়টি ওই যোগাযোগের অন্যতম কারণ হতে পারে। দেশে ফেরার পর তাঁর নিরাপত্তার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনী নিক, এমনটাই চায় দিল্লি।
ডিসেম্বরে ফেরা অনিশ্চিত
শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। বিবিসির প্রতিবেদন বলছে, ভারতের সম্মতি নিয়েই তিনি এই ঘোষণা দিয়েছেন। তবে দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে।
দিল্লির কর্মকর্তাদের ধারণা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন অস্থিরতা তৈরি করতে পারে। ফলে ডিসেম্বরের মধ্যে তাঁর দেশে ফেরার সম্ভাবনা কম বলে মনে করছেন ভারতের পর্যবেক্ষকেরা।
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারলেও ভারত বলতে পারবে, তিনি নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে পারেনি। একই সঙ্গে তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও রাজনৈতিকভাবে উজ্জীবিত করতে পারে বলে মনে করছে দিল্লি।































