মহাখালীতে ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা, নেপথ্যে কী?

- সর্বশেষ আপডেট ০৬:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 93
রাজধানীর মহাখালীতে খাবার পরিবেশনে দেরি ও আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বনানী থানার মহাখালী এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় রেস্তোরাঁর বেশ কয়েকজন কর্মী আহত হন এবং কাচ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এছাড়া ঘটনাটির ভিডিও ধারণ করায় কয়েকজন পথচারী ও রিকশাযাত্রীও হেনস্তার শিকার হন।
রেস্তোরাঁর কর্ণধার সাফিন বেগ জানান, একটি ফাঁকা আসন নিয়ে এক তরুণের সঙ্গে এক পরিবারের কথা কাটাকাটি হয়। রেস্তোরাঁর কর্মীরা পরিস্থিতি শান্ত করতে অন্য একটি আসনের ব্যবস্থা করতে চাইলে ওই তরুণ ক্ষুব্ধ হয়ে চলে যান। কিছুক্ষণ পর তিনি দলবল নিয়ে ফিরে এসে প্রথমে কর্মীদের মারধর করেন এবং পরে ব্যাপক ভাঙচুর চালান। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার প্রমাণ রয়েছে বলে জানান তিনি।
ঘটনার পর গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) রুহুল কবীর খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিসি জানান, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রেস্তোরাঁটি দ্রুত চালু করার পরামর্শ দিয়ে এর নিরাপত্তায় পুলিশ মোতায়েনেরও আশ্বাস দিয়েছে প্রশাসন।
































