ছয় মাসেই ১০০ শয্যার হবে সব উপজেলা হাসপাতাল
- সর্বশেষ আপডেট ১২:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 14
দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের ঘোষণা দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য আর রাজধানীতে ছুটতে না হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, লেবুর চারা ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবাকে আরও জনগণমুখী, আধুনিক ও সহজলভ্য করা। এজন্য হাসপাতালের শয্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে কম খরচে নিজ এলাকায় উন্নত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।”
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিও জোরদার করা হচ্ছে। অসচ্ছল ও প্রতিবন্ধী মানুষের জন্য সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, লেবুর চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পরে উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা, ঢেউটিন ও শুকনো খাবারও বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।


































