রায়পুরায় মরজাল হাই স্কুলে জলবায়ু সচেতনতায় র্যালি ও বৃক্ষরোপণ
- সর্বশেষ আপডেট ০৯:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 25
নরসিংদীর রায়পুরার মরজাল উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
নরসিংদীর রায়পুরার মরজাল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন।
বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং খাদ্য, কাঠ ও ঔষধের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বাড়ির আঙিনা, রাস্তার পাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের খালি জায়গায় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
আব্দুল বাতেন বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে পরিকল্পিত সবুজায়নের বিকল্প নেই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। তাই বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
















