বাড়ি ভাড়া দিতে না পেরে পরিবারসহ আত্মহত্যা
- সর্বশেষ আপডেট ০৪:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 7
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারার আর্থিক সংকটের মধ্যে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরিবারের বড় মেয়েটি এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
স্থানীয় পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) দুপুরে কেরালার পিরাভম এলাকার কাছে মুভাত্তুপুঝা নদীতে প্রথমে এক নারী ও একটি শিশুর মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারী ভিজি এবং তার দুই বছর বয়সী কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করে।
এরপর ভিজির স্বামী নারায়ণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় নদীতে তল্লাশি চালিয়ে নারায়ণের মরদেহও উদ্ধার করা হয়। তবে পরিবারের বড় মেয়েটি এখনও নিখোঁজ রয়েছে। রবিবার সকাল থেকে তাকে খুঁজতে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণ মূলত পালক্কাড় জেলার বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোঠামঙ্গলম এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পরিবারটি সম্প্রতি বাড়ি ভাড়া দিতে না পেরে স্থানীয় থানায় সহায়তার আবেদন করেছিল।
পুলিশ জানায়, মানবিক বিবেচনায় পরিবারটির জন্য একটি কম খরচের নতুন বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছিল। আগামী রোববার তাদের সেখানে ওঠার কথা ছিল। এর মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
এদিকে, পিরাভম এলাকার একটি রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে ঘটনার আগের রাতে পুরো পরিবারকে একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পিরাভম থানা পুলিশ। ময়নাতদন্ত শেষে উদ্ধার হওয়া তিনটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের ধারণা, চরম আর্থিক সংকট ও মানসিক চাপের কারণেই পরিবারটি এই চরম সিদ্ধান্ত নিয়েছে। তবে নিখোঁজ শিশুটিকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি


































