বাবুছড়া ব্যাটালিয়নের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- সর্বশেষ আপডেট ১০:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 82
খাগড়াছড়ির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করেছে। অনুষ্ঠানে সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অংশ নেন।
বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৭ জুন) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক দিনটি উদযাপন করা হয়। প্রশাসনিক সুবিধা এবং ঈদ-পরবর্তী আগত অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল ইফতেখারুল আলম বেগ (পিএসসি)। এছাড়া খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের কর্মকর্তারা, আমন্ত্রিত সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাটালিয়নের সদস্যরা দেশমাতৃকার সেবায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দুর্গম পাহাড়ি এলাকায় সীমান্ত সুরক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় ব্যক্ত করে বাবুছড়া ব্যাটালিয়ন।
বক্তারা বলেন, সংবিধানের মর্যাদা সমুন্নত রেখে সরকার ও বাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে ব্যাটালিয়ন ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতে অর্জিত সাফল্য আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।





























