দক্ষতাভিত্তিক শিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

- সর্বশেষ আপডেট ০৪:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 83
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল শনিবার (৬ জুন)। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ।
উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা ও মোরাল এডুকেশন অন্তর্ভুক্ত করে ব্যাপক সংস্কার আনা হচ্ছে। “লার্নিং উইথ হ্যাপিনেস” ও “মোরাল এডুকেশন” প্রোগ্রাম চালুর পাশাপাশি অনার্স কোর্সে ২ ক্রেডিটের মোরাল এডুকেশন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, যেসব কলেজে অনার্স পরিচালনার সক্ষমতা নেই, তাদের বিরুদ্ধে সংবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অনার্স পরিচালনাকারী কলেজগুলোর ৯০ শতাংশ তথ্য সংগ্রহ করা হয়েছে।
এছাড়া পরিবেশ সচেতনতা বাড়াতে ৪০ লাখ শিক্ষার্থীকে “ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় একটি করে গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হবে। ইন্ডাস্ট্রি-একাডেমি সংযোগ বর্তমানে ১০ শতাংশের কম হলেও, ২০২৭ সালের মধ্যে তা ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

































