বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
- সর্বশেষ আপডেট ০৬:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 27
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শুনানিতে নেননি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন স্থগিতের আবেদনটি রবিবার শুনানির জন্য ওঠে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে। তবে শুনানির এক পর্যায়ে আদালত বলেন, এ ধরনের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার ইচ্ছা তাদের নেই।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ব্যারিস্টার মাহিন এম রহমান। আদালতের মন্তব্যের পর বিষয়টি কার্যত অগ্রসর হয়নি।
এর আগে বিসিবি নির্বাচন স্থগিতের আবেদন করেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। পরে বিষয়টি ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়, যখন তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের এডহক কমিটি বাতিলের দাবিতে হাইকোর্টে আরেকটি রিট দাখিল করা হয়।
সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কয়েকজনসহ মোট ১২ জন ওই রিটে স্বাক্ষর করেন। তাদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটের মতো পরিচিত নামও।































