হামে ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৮:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 7
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চার শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আর সাত শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ শিশু।
সবশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কয়েক শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় সারা দেশে মোট ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে। তবে একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১১৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজারের বেশি শিশু।




































