আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, এবারও পুরো টিকিট ব্যবস্থাপনা অনলাইনভিত্তিক রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে যাত্রীরা রেলওয়ের পোর্টাল ও অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুযায়ী ১৩ মে’র টিকিটে ২৩ মে ভ্রমণ করা যাবে। পরদিন ১৪ মে, ১৫ মে, ১৬ মে ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র যাত্রার টিকিট বিক্রি হবে।
ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন ৩১ মে’র টিকিট পাওয়া যাবে। এরপর ২২ মে, ২৩ মে, ২৪ মে ও ২৫ মে যথাক্রমে ১ জুন থেকে ৪ জুনের টিকিট সংগ্রহ করা যাবে।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির বিষয়ে আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে।
একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ থাকছে না।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে ঢাকা-জামালপুর রুটে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চলবে।
রেলওয়ে জানিয়েছে, কালোবাজারি রোধে এনআইডি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের সঠিক তথ্য দিয়ে টিকিট সংগ্রহ এবং শৃঙ্খলাপূর্ণ ভ্রমণের আহ্বান জানানো হয়েছে।