সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজে করবে সেনাবাহিনী
- সর্বশেষ আপডেট ০৪:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 11
দেশের স্বার্থকে সামনে রেখে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করবে সেনাবাহিনী—এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।
জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশনে তিনি সামরিক বাহিনীকে আরও জনমুখী ও পেশাদার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের আলোচনায় ড. শামছুল ইসলাম বলেন, সরকারের লক্ষ্য হলো একটি কার্যকর, শৃঙ্খলাবদ্ধ এবং জনকল্যাণমুখী সেনাবাহিনী গঠন করা।
সে উদ্দেশ্যেই নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে যোগ্যতা ও দেশপ্রেমকে ভিত্তি করে জনবল নির্বাচিত করা যায়।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকদের ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে, যা ভবিষ্যতের সমন্বিত কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারে বলে তিনি মনে করেন।
আলোচনায় উঠে আসে মাঠ প্রশাসন ও সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতার বিষয়টি, যেখানে আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন জাতীয় প্রয়োজনে দুই পক্ষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এবারের চারদিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে আটটি বিভাগের কমিশনার এবং ৬৪ জেলার প্রশাসক অংশ নিচ্ছেন। স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্স—এসব বিষয়েই মূলত আলোচনা চলছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া ১,৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি এবার আলোচনায় তোলা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বিভিন্ন সাংবিধানিক পদাধিকারীর সঙ্গে মতবিনিময়ের সুযোগও থাকছে।
































