পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা
- সর্বশেষ আপডেট ১০:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 84
দেশজুড়ে জলপ্রবাহ ও পরিবেশ ব্যবস্থাপনা উন্নত করতে আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাপক খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা করেছে সরকার—এমন তথ্য জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে অংশ নিয়ে তিনি এই কর্মসূচির অগ্রগতি ও দিকনির্দেশনা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে বৃহৎ এই খনন কর্মসূচির প্রাথমিক কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। জেলা প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ ধরনের প্রকল্প বাস্তবায়ন কঠিন হবে বলেও তিনি মন্তব্য করেন।
তার ভাষায়, একসময় খাল খনন কর্মসূচি থমকে গিয়েছিল। এখন তা নতুনভাবে পুনরুজ্জীবিত করা হচ্ছে। তিনি অতীতের উদ্যোগগুলোর প্রসঙ্গ টেনে বলেন, খাল ছিল জনসাধারণের সম্পদ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক জায়গায় দখল ও অব্যবস্থাপনায় তার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে।
এই প্রেক্ষাপটে খালের প্রবাহ অক্ষুণ্ন রাখাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোথাও অবৈধ দখল বা স্থাপনা থাকলে তা অপসারণের নির্দেশ থাকবে বলে জানান তিনি। এমনকি খালের মধ্যে দোকান বা মাছের ঘের তৈরি করে প্রবাহ বাধাগ্রস্ত করা হলে তা ভেঙে ফেলার কথাও উল্লেখ করেন মন্ত্রী।
প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, মাঠপর্যায়ে দখল বা অনিয়ম দেখা দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। লক্ষ্য শুধু খাল খনন নয়, বরং দীর্ঘমেয়াদে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা।




































