চাকরিপ্রার্থীদের সুখবর
- সর্বশেষ আপডেট ০৬:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 41
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছে সরকার। প্রশাসনে শূন্যপদ পূরণ ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবায় গতি আনতে দেশের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি—ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, মোট পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, শূন্য পদের নির্ভুল তথ্য সংগ্রহ এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে নির্দেশনা পাঠানো হয়েছে। নিয়োগের রিকুইজিশন দ্রুত পাঠানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের দক্ষতা বাড়াতে এবং সেবাপ্রক্রিয়া গতিশীল করতে নিয়োগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সময়নির্ভর করার ওপর সরকার জোর দিচ্ছে। একই সঙ্গে দপ্তরগুলোকে সময়সীমা নির্ধারণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্যও অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে প্রশাসনিক কাঠামো আরও কার্যকর করতে নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে থাকবে।
































