হরমুজে টানটান উত্তেজনা, ৭২ ঘণ্টায় ৫২ ইরানি জাহাজের চলাচল
- সর্বশেষ আপডেট ১০:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 17
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর অবরোধের মধ্যেও গত ৭২ ঘণ্টায় ৫২টি ইরানি জাহাজ নির্বিঘ্নে চলাচল করেছে বলে দাবি করেছে তেহরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, এসব জাহাজ নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
স্যাটেলাইট ট্র্যাকিং তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার রাত পর্যন্ত তিন দিনের ব্যবধানে এই জাহাজগুলো চলাচল করে। এর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাংকার এবং ২১টি পণ্যবাহী জাহাজ ছিল।
এই সামুদ্রিক রুটটি দীর্ঘদিন ধরেই ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চলতি বছরের শুরুতে সংঘাতের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি করে।
এর আগে যুদ্ধবিরতি ও মধ্যস্থতার নানা উদ্যোগ দেখা গেলেও স্থায়ী সমাধান এখনো অধরা। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং সময় সময় নতুন করে আলোচনায় ফিরে আসছে।































