রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘ কারাবাস থেকেছি: প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৭:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 78
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে। একই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বন্দিজীবনে এমন বহু মানুষের সঙ্গে তার দেখা হয়েছে, যারা শুধু আর্থিক অসচ্ছলতার কারণে আইনি সহায়তা পাননি এবং বিচার না পেয়েই বছরের পর বছর কারাগারে ছিলেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ন্যায়বিচার কোনো একক আইনি প্রক্রিয়া নয়; এটি একটি রাষ্ট্রের মানবিক চরিত্রের প্রতিফলন। বিচারহীনতা ও অর্থের অভাবে আইনের আশ্রয় থেকে বঞ্চিত হওয়া রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দেয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধানের সমতার নীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান—এই নীতিই ‘অ্যাকসেস টু জাস্টিস’-এর ভিত্তি। তাঁর মতে, অর্থনৈতিক অবস্থার কারণে কেউ বিচার থেকে বঞ্চিত হওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, যে রাষ্ট্রে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত হয় না, সেখানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। দীর্ঘ সময় পর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুনভাবে শুরু হয়েছে বলেও তিনি মন্তব্য করেন, এবং এই পথ টিকিয়ে রাখতে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য বলে উল্লেখ করেন।


































