ববি সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রশিবিরের
- সর্বশেষ আপডেট ০৫:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 7
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অচল—পদোন্নতি জটিলতা ও শাটডাউনের মধ্যে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে ছাত্রশিবির।
সোমবার (২৭ এপ্রিল) শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা ও ‘কমপ্লিট শাটডাউন’-এর কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে চার দফা দাবি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সংগঠনের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন, শিক্ষক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। বিশেষ করে ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন বলে উল্লেখ করা হয়।
ছাত্রশিবিরের চার দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা এবং শাটডাউন কর্মসূচি শিথিল করে ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু করা; জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে পদোন্নতি বিধিমালার জটিলতা সমাধান; একাডেমিক ডিগ্রি ও সার্টিফিকেটের বৈধতা নিয়ে স্পষ্ট নিশ্চয়তা দেওয়া; এবং ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালু করে সেশনজট নিরসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউজিসির অভিন্ন নীতিমালা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধিমালার ব্যাখ্যা নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব। তবে দীর্ঘমেয়াদি বন্ধের মাধ্যমে শিক্ষা কার্যক্রম স্থবির রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য সমাধান নয় বলে মত দিয়েছে সংগঠনটি।





































