হাম আক্রান্ত শিশুদের দ্রুত টিকা দিতে হাইকোর্টের নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৫:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 22
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে টিকাদান কার্যক্রমে গাফিলতি খতিয়ে দেখতে গঠিত কমিটির অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে হামে শিশুমৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটে হামের বিস্তার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টিও বিবেচনার অনুরোধ জানানো হয়েছিল। গত ২ এপ্রিল রিটটি দাখিল করা হয়।
রিটে আরও বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সরবরাহে ঘাটতি, স্বাস্থ্যসেবায় দুর্বলতা এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়া দিতে না পারা—এসব বিষয় সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখা যেতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জনের ক্ষেত্রে হামে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে, যার মধ্যে ৪ হাজার ৬০৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।
































