যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

- সর্বশেষ আপডেট ০১:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 135
যশোর শহরের বেজপাড়া এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সকিনা বেগম (৬০) ওই এলাকার বাসিন্দা এবং লাল চাঁদ খলিফার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে সকিনা বেগমের ছেলে শহিদুল দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম জানান, বাসায় রান্না হয়নি এবং বাইরে খেয়ে নিতে বলেন। এ সময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে জানানো হয়, তিনি তালিমে গেছেন।
রাত ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল মাকে না পেয়ে আবার খোঁজ নেন। তখনও একই কথা জানানো হলে বিষয়টি সন্দেহজনক মনে হয় তার। পরে তিনি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে বাসার সামনে একটি বস্তার ভেতরে মরদেহ দেখতে পান শহিদুল। পরে তিনি ও তার বোন শাহিদা বেগম মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন।
কোতোয়ালি থানা পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।































