ববিতে একাডেমিক শাটডাউনে পরীক্ষা স্থগিত সেশনজটের শঙ্কা
- সর্বশেষ আপডেট ০৬:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 25
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষকদের পদোন্নতির দাবিতে চলমান একাডেমিক শাটডাউনের কারণে ফাইনাল পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং দীর্ঘমেয়াদি সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানায়, মঙ্গলবার আইন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকরা উপস্থিত না থাকায় তা আর নেওয়া সম্ভব হয়নি। নির্ধারিত সময়ে প্রশ্নপত্র সরবরাহ করা হলেও পরে সেগুলো ফেরত নেওয়া হয়।
শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনিক জটিলতার কারণে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে আগামীকাল লোকপ্রশাসন ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেগুলো নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, শিক্ষকরা ক্লাস ও পরীক্ষায় অংশ না নিলে পরীক্ষা গ্রহণ সম্ভব নয়। অন্যদিকে উপাচার্য শিক্ষার্থীদের ক্ষতির বিষয় বিবেচনায় নিয়ে ফাইনাল পরীক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


































