হজে নিয়ম ভাঙলেই জরিমানা

- সর্বশেষ আপডেট ০৮:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 182
আসন্ন হজ মৌসুম ঘিরে কড়াকড়ি বাড়িয়েছে সৌদি আরব, নিয়ম ভাঙলেই বড় অঙ্কের জরিমানা ও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে—এমন বার্তা দিয়েছে কর্তৃপক্ষ।
২০২৬ সালের হজকে সামনে রেখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, পবিত্র এ আয়োজনের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা বা অবৈধভাবে মক্কায় প্রবেশ—সবকিছুর বিরুদ্ধে নেওয়া হয়েছে শূন্য সহনশীলতার অবস্থান।
ঘোষণা অনুযায়ী, ১ জিলকদ থেকে ১৪ জিলহজ পর্যন্ত ভ্রমণ বা ভিজিট ভিসাধারীদের জন্য মক্কায় প্রবেশ ও অবস্থান পুরোপুরি নিষিদ্ধ। এই সময়ের মধ্যে কেউ ভিসার অপব্যবহার করে হজে অংশ নিতে চাইলে বা মক্কায় অবস্থান করলে তাকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে।
অবৈধভাবে কাউকে মক্কায় প্রবেশে সহায়তা করলে শাস্তি আরও কঠোর। পরিবহনকারী বা দালালদের ক্ষেত্রে জরিমানা এক লাখ রিয়াল পর্যন্ত গড়াতে পারে, পাশাপাশি ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্তের প্রক্রিয়াও শুরু হবে। সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যার ওপর নির্ভর করে এই জরিমানা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আবাসন খাতেও নজরদারি জোরদার করা হয়েছে। হোটেল, অ্যাপার্টমেন্ট কিংবা ব্যক্তিগত বাসায় অনুমতি ছাড়া কাউকে আশ্রয় দিলে মালিক বা কর্তৃপক্ষকেও এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে। ভিসার মেয়াদোত্তীর্ণ বা অনিয়মিত অভিবাসীরা অবৈধভাবে হজে অংশ নিলে তাদের দেশে ফেরত পাঠানো হবে, সঙ্গে থাকবে ১০ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা।
তবে শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয়েছে। কেউ নিজেকে অন্যায়ভাবে দণ্ডিত মনে করলে ৩০ দিনের মধ্যে প্রশাসনিক আদালতে আবেদন করতে পারবেন। পাশাপাশি আইন ভঙ্গের তথ্য জানাতে ৯১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবছরের মতো এবারও লাখো হাজির নিরাপদ যাতায়াত ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। অনুমতি ছাড়া হজের কোনো কার্যক্রমে অংশ না নিতে আবারও সতর্ক করা হয়েছে সবাইকে।
































