সিন্ডিকেট বাংলাদেশ থেকে মুছে দেব: বাণিজ্যমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০১:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 192
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টিসিবির মাধ্যমে অধিক পরিমাণে পণ্য আমদানি করে বাজারে একটি কার্যকর ‘কাউন্টার ব্যালেন্স’ তৈরি করা হবে। সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয় এমন ধারণাই আমরা বাংলাদেশ থেকে মুছে দেব।
শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরের টিলাগড়ে পয়েন্টে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় কৃষকের হাট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনা ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে একযোগে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। সরবরাহ ব্যবস্থাকে ডিজিটাল মডেলের আওতায় আনার পাশাপাশি মাঠপর্যায়ে কৃষক-ভোক্তার সরাসরি সংযোগ তৈরিতে চালু করা হয়েছে ‘কৃষকের হাট’।
বাজার স্থিতিশীল রাখতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। আমদানি থেকে খুচরা বিক্রয় পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকে একটি সমন্বিত ডিজিটাল মডেলের আওতায় আনা হবে। যাতে বাজার তদারকি সহজ হয় এবং কোনো ধরনের কারসাজি দ্রুত শনাক্ত করা যায়। একই সঙ্গে ভর্তুকি কমিয়ে কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান।
কৃষিখাতের উন্নয়নে সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং খাল পুনঃখননের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী বলেন বলেন, ‘সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে এবং ভবিষ্যতে দেশের বাজার আরও স্থিতিশীল হবে।’
তিনি বলেন, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে বাঁশিয়া খাল খনন উদ্বোধন করবেন।



































