শিরোনাম
দেশে একদিনেই ৪ শিশুর প্রাণহানি, হাম আক্রান্ত আরও ৬৮৫ শিশু

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৮:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 173
গত ২৪ ঘণ্টায় দেশে বায়ুবাহিত রোগ হাম আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮৫ শিশু। পরিস্থিতি ধীরে ধীরে উদ্বেগজনক রূপ নিচ্ছে বলেই ইঙ্গিত মিলছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
নতুন এই চার শিশুসহ চলতি বছরে হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪২ জনে। এর মধ্যে মার্চ মাসেই প্রাণ গেছে ৩২ শিশুর। সংক্রমণ শুধু ঢাকায় সীমাবদ্ধ নেই; রাজশাহী, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে।
স্বাস্থ্যসেবা বিভাগ জানায়, হামের সংক্রমণক্ষমতা অত্যন্ত বেশি—ফলে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি মস্তিষ্কের সংক্রমণ (এনসেফালাইটিস) হওয়ার ঝুঁকিও থাকে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।



































