এপ্রিলে তেলের সংকট নেই: জ্বালানি বিভাগ

- সর্বশেষ আপডেট ০৩:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 231
এপ্রিলজুড়ে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মজুত না বাড়ালে সংকটের আশঙ্কা নেই বলেও সতর্ক করেছে সরকার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো ঘাটতি হবে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জানান, ইরান থেকে হরমুজ প্রণালী পেরিয়ে আসা ছয়টি জাহাজের মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী। সেটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির সরবরাহে কোনো সমস্যা থাকবে না।
একই সঙ্গে তিনি বলেন, অপ্রয়োজনীয় মজুতের প্রবণতা না থাকলে বাজারে কোনো সংকট তৈরি হবে না। নাগরিকদের জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়ে তিনি যোগ করেন, জনগণের স্বার্থ বিবেচনায় সরকার তেলের দাম বাড়ায়নি।
অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান, গত ৩ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু ১ এপ্রিলেই উদ্ধার হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার।
































