ইরান পারমাণবিক হামলায় ভয় পায় না: রাষ্ট্রদূত

- সর্বশেষ আপডেট ০৫:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 157
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী জানিয়েছেন, পারমাণবিক বোমার হুমকি ইরানকে নাড়াতে পারেনি। হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা দৃঢ়, তবে যুদ্ধ এড়িয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
ঢাকাস্থ ইরান দূতাবাসে সংবাদ ব্রিফিংয়ে রাষ্ট্রদূত বলেন, এই যুদ্ধ শুধুই ইরানের বিরুদ্ধে নয়, বরং মুসলিম উম্মাহ ও ইসলামের বিরুদ্ধে সুপরিকল্পিত আগ্রাসন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দায়িত্বের কথাও তুলে ধরেন।
জাহানাবাদী দাবি করেন, ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনার সফলতার সময় যুক্তরাষ্ট্র হঠাৎ সংঘাত চাপিয়ে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করেছে। হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান, তবে প্রয়োজন হলে নিজেদের রক্ষা করার ক্ষমতা তাদের রয়েছে।
রাষ্ট্রদূত বলেন, যুদ্ধের নামে মার্কিন-ইসরায়েলি হামলায় স্কুল, কলেজ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাধারণ ঘরবাড়ি লক্ষ্য করা হয়েছে। এ সময় তিনি প্রশ্ন তোলেন—নিরীহ শিশু বা শিক্ষা প্রতিষ্ঠান কি কোনো সামরিক হুমকি ছিল? তিনি উল্লেখ করেন, প্রতিবেশি দেশগুলোতে থাকা ১৪টি মার্কিন ঘাঁটিতে ইরান পাল্টা হামলা চালিয়েছে এবং ইউরেনিয়াম উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।
জাহানাবাদী বলেন, ইরান ও বাংলাদেশ আটকে থাকা জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনতে কাজ করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানালেও তেহরান কিছুটা অসন্তুষ্ট। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের ভাইপ্রতিম দেশ, তাই সংকটে শুধু উদ্বেগ নয়, স্পষ্ট নিন্দা জানানো প্রয়োজন ছিল।’
রাষ্ট্রদূত সতর্ক করে জানান, আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের মাধ্যমে হামলার নিন্দা না জানালে ভবিষ্যতে অন্য দেশও শিকার হতে পারে। ইরান তুরস্ক ও পাকিস্তানের মধ্যস্থতাকে স্বাগত জানাচ্ছে, তবে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের কোনো উত্তর দেয়নি।
পরিশেষে তিনি জাতিসংঘের অকার্যকারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, শক্তিশালী দেশগুলো এখন এটি নিজেদের হাতিয়ারে পরিণত করেছে। তাই বিপদে নিজেদের সাহায্য নিজেদের করতে হবে।
ইরান কোনো প্রতিবেশি দেশকে আক্রমণ করছে না, বরং যারা মার্কিন ঘাঁটি দিয়ে হামলায় সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ অবস্থানের কথা জানানো হবে বলেও জানান তিনি।































